কূটনৈতিক প্রতিবেদকঃ সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দ্বিপাক্ষিক বিদেশ (মালয়েশিয়া ও চীন) সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ‘বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর’ থেকে চায়না সাউথার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা ও বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সূত্রমতে, এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। সফরে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উত্তরবঙ্গের ভাগ্য বদলে দেওয়ার মতো মেগা প্রকল্প ‘তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’। এই প্রকল্পে চীন তাদের কারিগরি ও বাণিজ্যিক সহায়তার আশ্বাস দিয়েছে, যা নদী খনন ও বন্যা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। এ ছাড়া বাংলাদেশে চীনা বিনিয়োগের গতি বাড়াতে বেইজিংয়ে ‘বাংলাদেশ বিনিয়োগ অফিস’ খোলার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রথম কুয়ালালামপুর যান তারেক রহমান।
মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘১৭তম সামার দাভোস ২০২৬’ সম্মেলনে অংশ নেন।
দালিয়ান থেকে বিশ্বের অন্যতম দ্রুতগতির ‘হাই-স্পিড ট্রেনে’ (বুলেট ট্রেন) চড়ে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ২টি চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। একই দিনে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান ‘চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস জাদুঘর’ পরিদর্শন করেন।
সফরের শেষ দিন আজ সকালে বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি তিয়ানআনমেন স্কয়ারে বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে চীনের সশস্ত্র বাহিনী তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এই প্রথম বিদেশ সফরটি দেশের অর্থনীতি, অবকাটামো উন্নয়ন এবং ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। ২টা চুক্তি, ১৭টি সমঝোতা স্মারক এবং তিস্তা প্রকল্পের মতো বড় বিষয়ে চীনের সবুজ সংকেত এই সফরকে শতভাগ সফল করে তুলেছে।

