বাংলাদেশ প্রতিবেদকঃ দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে অবশেষে জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দুঃখ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
মন্ত্রীর এই বক্তব্যের পর অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
সম্প্রতি বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়— ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ মন্ত্রীর এমন মন্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে।
এর আগে সংসদে স্পিকারের মাধ্যমে সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি প্রশ্ন তোলেন, এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং পদার্থবিজ্ঞানের মতো কঠিন বিষয়ের ক্ষেত্রে কেন মাত্র এক বা দুদিনের জন্য পরীক্ষাটি পিছিয়ে দেওয়া গেল না?
জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামের বন্যার কারণে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল। বাকি জেলাগুলোর বিষয়ে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছিল।
তিনি আরও বলেন দেশের ৬৪ জেলার এসপি, আটটি বিভাগীয় কমিশনার, বোর্ডের চেয়ারম্যান এবং ইউএনওদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
আবহাওয়াবিদরা বৃষ্টি হবে না বলে পূর্বাভাস দেওয়ার পর, বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে যথাসময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
পরদিন সকালে কুমিল্লা সরকারি কলেজের মাঠ পানিতে ডুবে গেলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। কুমিল্লা মহিলা কলেজে যে পরীক্ষার্থীর কাপড় ভিজে গিয়েছিল, তার জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করে এক ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়।
পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল: পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর
পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে রুমিন ফারহানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন মডারেশনের প্রক্রিয়াটি দুই বছর আগে থেকে শুরু করতে হয়। বর্তমান সরকার দায়িত্ব পেয়েছে মাত্র চার মাস, ফলে এই প্রশ্নগুলো বিগত সরকারের আমলের মডারেটরদের তৈরি।
তবুও, পদার্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকার বিষয়টি চিহ্নিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

