রাষ্ট্রপতির পদত্যাগ: দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

0
রাষ্ট্রপতির পদত্যাগ: দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন

বিশেষ প্রতিবেদকঃ শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। এই পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদটি শূন্য হওয়ায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ নিজেই দেশবাসীকে এ তথ্য নিশ্চিত করেন।

জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছি।”

দায়িত্ব গ্রহণ ও শপথের আইনি ভিত্তি ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন “যেদিন আমি স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছিলাম, সেদিনই প্রয়োজনীয় মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের শপথও নেওয়া ছিল। একইভাবে স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাতে ডেপুটি স্পিকারও আগে থেকেই প্রস্তুত থাকেন।”

জরুরি এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি,অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।