জাপানে দক্ষ জনশক্তি রপ্তানিতে প্রধানমন্ত্রীর জোর: সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিমানবন্দর ৩য় টার্মিনাল ও এমআরটি নিয়ে আলোচনা

0
জাপানে দক্ষ জনশক্তি রপ্তানিতে প্রধানমন্ত্রীর জোর: সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিমানবন্দর ৩য় টার্মিনাল ও এমআরটি নিয়ে আলোচনা

বাংলাদেশ প্রতিবেদকঃ জাপানের বিভিন্ন শিল্প খাতের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠাতে জাপানি ভাষা শেখা ও প্রশিক্ষণ বৃদ্ধিতে টোকিওর আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও পেশাদার গাড়িচালক নিয়োগে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব সুদৃঢ় করার পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত ৩য় টার্মিনাল উদ্বোধন এবং চলমান ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) বা মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চলের সাফল্য উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জাপান আগ্রহী হলে তাদের সুবিধাজনক স্থানে আরেকটি বিশেষ শিল্প পার্ক স্থাপনে সর্বাত্মক সহযোগিতা দেবে সরকার। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাতে যৌথ বিনিয়োগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মানবসম্পদ উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশি যুবকদের আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়।

জাপানি প্রতিনিধি দলে ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর প্রতিনিধিরা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বাংলাদেশ পক্ষে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।