কূটনৈতিক প্রতিবেদকঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং ব্রিটিশ হাইকমিশন। সংসদ সদস্যদের ভোটে বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) পৃথক বার্তার মাধ্যমে এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানানো হয়।
বেইজিংয়ের পাঠানো বার্তায় বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। নতুন যুগে একটি অভিন্ন ও সমৃদ্ধ ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বেইজিং বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করে। দ্বিপক্ষীয় পারস্পরিক সহযোগিতার ফলে দুই দেশের জনগণ উপকৃত হবে বলেও চীনা দূতাবাস আশা প্রকাশ করে।
ঢাকায় নিযুক্ত [ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যগত দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ অংশীদারিত্বকে নতুন রাষ্ট্রপতির মেয়াদে আরও সুদৃঢ় করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হন। অন্যদিকে, ১১-দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ব্যক্তিগত কারণ, চিকিৎসাধীন থাকা ও রাজনৈতিক অবস্থানের কারণে ৬ জন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন।

