বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পুলিশি সেবার মান সরেজমিনে যাচাই করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে তিনি থানা ভবনে উপস্থিত হয়ে এর সার্বিক অবকাঠামো, কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবার পরিবেশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার ডিউটি অফিসারের কক্ষ, কর্মকর্তা ও তদন্তকারীদের কাজের স্পেস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও মেস এলাকা ঘুরে দেখেন। ব্যারাক পরিদর্শনের সময় তিনি পুলিশ সদস্যদের থাকার পরিবেশ, মেসের খাবারের গুণগত মান এবং সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি পর্যালোচনা করেন।
পরিদর্শনের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথে সরাসরি কথা বলেন। জিডি কিংবা অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের কথা শোনার পর তিনি দ্রুততম সময়ে ও স্বচ্ছতার সাথে তা নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকরা যেন কোনো মাধ্যম ছাড়া সরাসরি এসে নিজেদের সমস্যা জানাতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

