জয়নাল আবেদীন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে শান্তিতে একত্রে বসবাস করে আসছে। আগামী হাজার বছর এক সাথে আমরা শান্তিতে বসবাস করতে চাই। সকল ধর্মের মানুষ মিলে বাংলাদেশকে স্বাধীন করেছিল, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। সকল ধর্মের মানুষ মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মঙ্গলবার বেলা পৌণে ১টায় রংপুর নগরীর ধর্মসভা রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দূর্গা উৎসবের মহানবমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের দেশে ছাত্র-জনতা মিলে গণঅভ্যূত্থানের মাধ্যমে দেশের মানুষের কাঁধে চেপে থাকা স্বৈরাচারকে বিতাড়িত করেছে। গণঅভ্যূত্থানে রাজপথে দেখেছি সকল ধর্মের মানুষের সম্মেলন হয়েছিল। দল, মত, বর্ণ, নির্বিশেষে রাজপথে নেমে এসেছিল তারা অধিকার প্রতিষ্ঠার জন্য।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে সারাদেশে সুষম উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যারা এই সরকারের সদস্যদের ভোট দেননি, যারা দিয়েছেন সকল মানুষের জন্য সরকার কাজ করছে। ইতোমধ্যে রংপুর নগরীর উন্নয়নে ১৮’শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন উপজেলা, ইউনিয়নসহ গ্রামের মানুষের প্রয়োজনীয় অবকাঠামো ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজ পর্যায়ক্রমে আমরা গড়ে তুলবো। যেন রাষ্ট্রের সকল মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়। এই কাজ একত্রে করতে হবে, আমাদের ভেতরে ভেদাভেদকে ভূলে থাকতে হবে। সকলে হাতে হাত মিলিয়ে আমরা সামনে এগিয়ে যাব। প্রধানমন্ত্রী আরও বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা যখন ঐক্য তৈরী করছি, বর্তমান সরকার যখন সকলকে নিয়ে চলতে চাইছে, তখন একটি মহল নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আজকে পরিস্কারভাবে বিভ্রান্তিকারীদের উদ্দেশ্যে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছিল। কিন্তু সেই ফলাফল শুভ হয়নি। দেশের মানুষ সেই ফলাফল বা উদ্দেশ্যকে ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে চব্বিশের গণঅভ্যূত্থানকেও কোন কোন মহল বিতর্কিত করার চেষ্টা করেছে। আমি গণতন্ত্রকামী সকল মানুষকে সাথে নিয়ে বলতে চাই, দয়া করে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানকে বিতর্কিত করবেন না। সংসদে প্রতিনিধি পাঠিয়েছেন, আপনাদের কিছু বলার থাকলে তাদের মাধ্যমে সংসদে বলান। রাষ্ট্রের পক্ষে যেটি ভালো আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা অতীতের মত এমন পরিস্থিতি তৈরী না করি যেন আমাদের জনগণের দৈনন্দ্বিন জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-চাকুরীতে ব্যাঘাত ঘটে।
তিনি বলেন, দেশকে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সরকার কাজ করছে। অতীতে যে রাজনীতি দেখেছি আমরা তার পরিবর্তন করতে চাই। এই পরিবর্তনে সরকার চেষ্টা করছে। তবে এ পরিবর্তনের বড় শক্তি হচ্ছে জনগণ, আমরা জনগণকে পাশে চাই।
মন্দিরের উন্নয়নে তিনি বলেন, মন্দিরের পেছনে একটি অবকাঠামো রয়েছে যেখানে অবস্থাপন্ন নয় এমন গ্রাম থেকে শহরে আসা মানুষ বিনামূল্যে অবস্থান করেন। সেই অবকাঠামোটির কাজ এখনও সম্পন্ন হয়নি, আরও কিছু অর্থের সংস্থান দরকার। আমি প্রতিমন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসককে বলেছি, আগামী ২ বছরের মধ্যে এই কাজটি যেন সম্পন্ন করা হয়। আমরা সকলের জন্য নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাই।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রাধাগোবিন্দ মন্দিরে উপস্থিত ছিলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি, দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যরা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে নৃত্য ও নাটক পরিবেশন করেন শিল্পীরা। রাধাগোবিন্দ মন্দিরে ঘন্টাব্যাপী অবস্থান করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাওঁ বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রওনা হয়ে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সবার আগে বাংলাদেশ গাড়িতে করে রংপুর নগরীর উদ্দেশ্যে রওনা হন। এসময় রাস্তার ধারে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জাতীয় পতাকা ও ব্যানার, ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও তাদের অভিবাদনে সাড়া দেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরের তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে রংপুর নগরীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

