
কূটনৈতিক প্রতিবেদকঃ ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো ধরনের পাসপোর্ট দেবে না বাংলাদেশ। তাকে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির (Extradition Treaty) আওতায় দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি ও সাজা কার্যকর করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ আখ্যা দিয়ে তার পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্টের আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের সূত্র ধরে জানা যায়, গত দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্টের আবেদন সম্পূর্ণ হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি এবং হত্যাকারী। একজন অপরাধী ও সন্ত্রাসী নিজ উদ্যোগে পাসপোর্ট নিয়ে দেশে বেড়াতে আসার আবদার করতে পারে না। তাকে সাধারণ কোনো পর্যটক বা কমার্শিয়াল ট্রাভেলার ভাবার কোনো সুযোগ নেই।’
তিনি আরও যোগ করেন, ‘কেউ চাইলে যেকোনো বিষয়ে আবেদন করতেই পারে, কিন্তু একজন সন্ত্রাসীর ক্ষেত্রে এর কোনো আইনি বা নৈতিক মূল্য নেই। আমরা তাকে কোনো পাসপোর্ট দেব না; বরং তাকে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার চাওয়া হচ্ছে।’
লন্ডনসহ বিভিন্ন দেশের ল’ ফার্ম ও আইনজীবীদের উদ্দেশে কঠোর হুশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অর্থের লোভে পড়ে পলাতক আসামিদের আইনি প্রতিনিধিত্ব দেওয়ার ক্ষেত্রে নৈতিক সীমানা ও মরাল বাউন্ডারি বজায় রাখা উচিত।
তিনি বলেন, ‘বাংলাদেশে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ক্লায়েন্টের দুর্গন্ধযুক্ত টাকার পেছনে না ছুটে আন্তর্জাতিক আইন, পাবলিক সেফটি এবং বাংলাদেশের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো উচিত। ইউকেসহ বিভিন্ন দেশের আইন বা ইমিগ্রেশন নীতি কোনো পলাতক সন্ত্রাসীকে রক্ষা করার জন্য তৈরি হয়নি।’
শেখ হাসিনার বিচার ও সাজা প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উল্লেখ করেন, ইতোমধ্যে তার বিরুদ্ধে আদালত রায় প্রদান করেছেন এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। এই সাজা কার্যকর করতে তাকে বাংলাদেশের প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘হাসিনা বা তার পরিবার এবং আওয়ামী লীগের যারা পালিয়ে বেড়াচ্ছেন, তারা প্রত্যেকেই দেশের সম্পদ লুটপাট, দখলদারিত্ব এবং নানা অপরাধের সঙ্গে জড়িত। এ দেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে তারা চরম ঘৃণিত। রাজনৈতিকভাবে সময় নষ্ট না করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
