রাজধানীতে একরাতেই তাণ্ডব: বাসে-ভ্যানে আগুন ও ঢাবি-জবি-আদালতসহ ডজনখানেক স্পটে ককটেল বিস্ফোরণ

0
রাজধানীতে একরাতেই তাণ্ডব: বাসে-ভ্যানে আগুন ও ঢাবি-জবি-আদালতসহ ডজনখানেক স্পটে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে এক রাতের ব্যবধানে একযোগে একাধিক যানবাহনে অগ্নিসংযোগ ও ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (০৯ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই সহিংস পরিস্থিতিতে পুরো নগরজুড়ে চরম আতঙ্ক ও জনমনে ভীতির সৃষ্টি হয়। ফার্মগেট ও মিরপুরে যাত্রীবাহী বাস এবং পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত প্রাঙ্গণ ও বাঙলা কলেজসহ অন্তত ১০-১২টি পয়েন্টে বিকট শব্দে ককটেল বিস্ফাোরিত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে এবং রাত ৯টার দিকে মিরপুর ১২ এলাকায় পৃথকভাবে বসুমতি পরিবহনের বাসে আগুন লাগিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্ত চলছে।

এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঠিক একই সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে পর পর দুটি ককটেল বিস্ফাোরিত হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান নিশ্চিত করেন যে, ফার্মগেটের বাসে অগ্নিসংযোগ ও সাউথইস্ট ইউনিভার্সিটির সামনের বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শিক্ষাঙ্গন ও আদালত প্রাঙ্গণও বাদ পড়েনি দুর্বৃত্তদের টার্গেট থেকে, জবির ২ নম্বর গেটসংলগ্ন পার্কিং এলাকায় রাখা দুটি বাসের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে ককটেলসহ আটক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটক ব্যক্তি মনোবিজ্ঞান বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ঘটানোর সময় দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। এছাড়া মিরপুর বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি পাশের কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

সন্ধ্যায় ঢাবির টিএসসি এলাকার পাশ থেকে ককটেল ভর্তি পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মগবাজার ফ্লাইওভারে পুলিশের তল্লাশি চলাকালে ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। এছাড়া মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবরের টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী ও গেণ্ডারিয়া সংলগ্ন দয়াগঞ্জ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়তে থাকা ভ্যানটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও কেরানীগঞ্জ থানা-পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনেও একটি ককটেল নিক্ষেপ করা হয়, তবে ভাগ্যক্রমে সেটি বিস্ফোরিত হয়নি।

সহিংস ঘটনাগুলোর পরপরই রাজধানীর প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল বৃদ্ধি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।