পাবনার চাটমোহরে সার বিতরণে হট্টগোল, ৬১১ বস্তা সার লুট

0
পাবনার চাটমোহরে সার বিতরণে হট্টগোল, ৬১১ বস্তা সার লুট

কামাল সিদ্দিকী : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুট হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি বরাদ্দের সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ডিলারের সার সংরক্ষণের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে বিপুল পরিমাণ সার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর সার মজুদের হিসাব করে দেখা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে ৪০০ বস্তা মজুদ রয়েছে এবং ৬১১ বস্তা সার খুঁজে পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি মাইকিং করে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে।”

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে বাস্তবে দেখা যায় প্রত্যেকটি সারের দোকানে বিপুল সংখ্যক ভিড় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা কৃষকদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি সরকারি সম্পদ ও কৃষি উপকরণ ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের তদন্ত ও আইনগত পদক্ষেপ অপেক্ষামাণ।