
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি উন্নয়ন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে উভয় দেশের সরকারপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর (২০২৭) সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। পাল্টা আমন্ত্রণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানালে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।
জলবায়ু সংকট মোকাবিলায় উন্নয়নশীল এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বাংলাদেশের পরিবেশ সুরক্ষা ও সবুজ জ্বালানি খাতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ঐতিহ্যবাহী খাল খনন কর্মসূচিসহ সরকারের গৃহীত বিভিন্ন পরিবেশবান্ধব পদক্ষেপের কথা বৈঠকে তুলে ধরা হয়।
বাংলাদেশে বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশ ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলীয় উদ্যোক্তাদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। আলোচনায় উভয় দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কৃষি খাতের আধুনিকায়ন ও উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সক্রিয় সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে হয়েছে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত রয়েছে।
