বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর ঐতিহাসিক লালবাগ এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটির ওপরের তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ৬ তলা বিশিষ্ট ওই ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুরোদমে কাজ করে যাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

