রংপুরের ইতিহাস লেখক ও সাবেক ছাত্রনেতা শুভ`র দাফন সম্পন্ন

0
রংপুরের ইতিহাস লেখক ও সাবেক ছাত্রনেতা শুভ`র দাফন সম্পন্ন।

জয়নাল আবেদীন: রংপুর নগরীর পরিচিত মুখ গবেষক, ইতিহাস লেখক ও সাবেক ছাত্রনেতা শাহ রিয়াদ আনোয়ার শুভ’র দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ যোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে শুভ`র সহপাঠি, রাজপথের সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খিরা অংশ নেন।

জানাজার নামাজ শেষে পুস্পার্ঘ্য অর্পণ করে রিয়াদ আনোয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাসদ, বন্ধু সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় রংপুর নগরীর সার্কিট হাউজ সংলগ্ন নিজ বাসভবনে অসুস্থ্যতা জনিত কারণে তিনি ইন্তেকাল করেন।এদিকে তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন অঞ্চল থেকে শতশত মানুষ শেষ বারের মত তাকে দেখতে আসেন বাড়িতে।শাহ রিয়াদ আনোয়ার শুভ ১৯৭৩ সালের ২৫ নভেম্বর রংপুরের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অ্যাডভোকেট শাহ আনোয়ারুল হক আনু ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং মা উম্মে হাবিবা জাকিয়া হক সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা।

শুভ রংপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র এবং ছাত্র জীবনে প্রগতিশীল ছাত্র আন্দোলনের কর্মী ছিলেন। শাহ রিয়াদ আনোয়ার শুভ রংপুরের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা-লেখিতে একজন নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর লেখার মাধ্যমে নতুন প্রজন্ম রংপুরের পুরাতন বাড়ি, সড়ক, ভবনসহ নানা ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পেরেছে। তিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে ‘রণভূমির রংপুর’ শিরোনামে একটি বই লিখে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

শাহ রিয়াদ আনোয়ার শুভ’র মৃত্যুতে রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।