আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না: কাদের

0

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করে না।’ তিনি বলেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ সোমবার সকালে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

‘বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং শেখ হাসিনাকে একাধিকবার হত্যার ষড়যন্ত্র করেছে বিএনপি’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিল না এবং খালেদা জিয়াকেও কখনও হত্যার ষড়যন্ত্র করেনি।’

গণতান্ত্রিক রাজনীতিতে সহাবস্থানে যে সহযোগিতা প্রয়োজন, তাতে বিএনপি বড় বাধা সৃষ্টি করে রেখেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সৈনিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরীন আহমদের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সৈনিক লীগের নেতৃবৃন্দ।