তলে তলে অনেক কিছু হচ্ছে, ভুল বলিনি: ওবায়দুল কাদের

0
তলে তলে অনেক কিছু হচ্ছে, ভুল বলিনি: ওবায়দুল কাদের

বাংলাদেশ প্রতিবেদক: কেউ নিষেধাজ্ঞা দেবে না, তলে তলে আপস হয়ে গেছে বলে মন্তব্য নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের বক্তব্যের প্রতি অনঢ় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি যা বলেছি কেউ সেটা এখনো অনুভব করছেন না। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাই তলে তলে অনেক কিছু হচ্ছে যা আমি বলেছি তো ভুল বলিনি।

ওবায়দুল কাদের বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যার যে সেলফি, তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনও তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়াতেও আসেনি। সুতরাং তলে তলে আপস বোঝাতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বোঝাতে চেয়েছি।

তলে তলে শব্দটা অনেকে নেতিবাচকভাবে নিচ্ছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, কেউ নেতিবাচকভাবে নিতে চাইলে নিক না, অসুবিধা কী?

ভারতের সঙ্গে সম্পর্ক প্রমাণিত। তাই বলে ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকার উদ্ভট চিন্তা কখনো মাথায় আসেনি বলেও এসময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল সাহেবরা আগ বাড়িয়ে অনেক কথা বলেন। প্রশ্ন রেখে তিনি বলেন, ভারত কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ করেছে? কিংবা কোনো নির্বাচনে? তাহলে এখানে ভারতের সহযোগিতায় ক্ষমতায় থাকব, এরকম উদ্ভট চিন্তা, আজব চিন্তা আমাদের মাথায় আসবে কেন। আমরা বুঝি সম্পর্ক ভালো হলে অনেক দিক থেকেই ভালো হয়।

দিল্লি-বাংলাদেশের বন্ধুত্ব পরীক্ষিত। ৭১ সাল থেকে এই সম্পর্ক আছে। স্ট্র্যাটেজিক পলিসিতে বাংলাদেশের যেমন দিল্লিকে দরকার, আবার দিল্লিরও বাংলাদেশকে দরকার।

অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাশিয়ার সহযোগিতায় পরমাণু ক্লাবের সদস্য হওয়ার গৌরব অর্জন করছি। আগামী ২৩ অক্টোবর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেল। এটি জাপানের সহযোগিতায়। তারপরে চট্টগ্রামে আরেকটি মেগা প্রকল্প নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল। এখানে চীনের সহযোগিতা এবং সাহায্য আছে। কাজেই বাংলাদেশের নীতিই হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়। সম্পাদনা: ইকবাল খান