বাংলাদেশ প্রতিবেদকঃ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুই কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৪ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু এবং ঢাকার ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল বিএনপির হাইকমান্ড। কিন্তু উল্লিখিত দুই নেতা সম্প্রতি বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভিন্ন দলের ব্যানারে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণেই তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

