এই নৌকা নুহ নবীর নৌকা, বললেন শেখ হাসিনা

0
এই নৌকা নুহ নবীর নৌকা, বললেন শেখ হাসিনা

বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের দলীয় প্রতীককে হজরত নুহ (আ.)–এর নৌকার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, এই নৌকাই মানুষকে উন্নতি দেয়। এই নৌকাই মানুষকে নিশ্চিত জীবন দেয়, শান্তি দেয়, সমৃদ্ধি দেয়।

প্রধানমন্ত্রী সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

নির্বাচনী জনসভায় বক্তব্যের শেষে ঢাকার ১৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি এই ১৫টা রত্ন আপনাদের সামনে তুলে দিলাম। এই ১৫টা রত্ন আপনাদের হাতে দিলাম। এরাই আপনাদের সেবক হিসেবে কাজ করবে। আপনাদের সেবা করবে, ঢাকার মানুষের সেবা করবে।

প্রধানমন্ত্রী বলেন, এই নৌকা হচ্ছে নুহ নবীর নৌকা, যে নৌকা মহাপ্লাবনে মানব জাতিকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েই আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আগামীতেও নৌকায় ভোট দেবেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।

আওয়ামী লীগ সভাপতি বলেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়ার জন্যই আসছে নির্বাচন। কাজেই এই নির্বাচনে (আওয়ামী লীগকে) ভোট দিন। প্রত্যেকে আপনার ভোট শুধু দেবেন না, আপনার ভোট আপনি রক্ষা করবেন। আর ওই অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাসী বিএনপি-জামায়াত তাদেরকে উপযুক্ত জবাব দেবেন।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমাদের তরুণ সমাজ, এই তারুণ্যই হচ্ছে আমাদের অগ্রদূত। তাই তাদেরকেও আমি আহ্বান করবো, প্রথম যারা ভোটার, তাদেরকে আহ্বান করবো, নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে।