বাংলাদেশ প্রতিবেদকঃ পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। এটার জন্য তারা আন্দোলন করছে। তাদের লক্ষ্য নির্বাচনকে বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত করা। পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলেছি। এখনো বলছি। জনগণই এ পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এ দেশের মানুষ গ্রহণ করবে না।
মির্জা ফখরুল বলেন, বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে। এটি নতুন অভিজ্ঞতা। কিন্তু নিম্নকক্ষ অবাস্তব। তার দাবি, সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে। যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেখানে সিদ্ধান্ত হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও। সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা

