বিএনপি সরকার গঠন করলে স্বাধীন গণমাধ্যম তৈরি হবে : মির্জা ফখরুল

0
বিএনপি সরকার গঠন করলে স্বাধীন গণমাধ্যম তৈরি হবে : মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপি সরকার গঠন করতে পারলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‌‌‘আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা ৩১ দফায় খুব পরিষ্কার করেই বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং আমরা সেটাকে তৈরি করতে চাই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক সংগঠনগুলো বিভক্ত হয়ে পড়ায় অনেক সাংবাদিক নিজেরাই রাজনীতিকদের ‘পকেটে ঢুকে যাচ্ছেন’। এতে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোমবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা উপস্থাপন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিক সমাজে বহু সংগঠন ও বিভিন্ন ভাগ তৈরি হয়েছে। এই বিভক্তির সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের প্রভাবিত করতে চায়। তিনি বলেন, ‘আপনারা যদি নিজেরাই দলীয় হয়ে পড়েন, যদি নিজেই কারও পকেটে ঢুকে যান, তখনই সমস্যা তৈরি হয়।’

তিনি আরও বলেন, বিএনপি পরিষ্কারভাবে স্বাধীন গণমাধ্যমের পক্ষে। দলটির ঘোষিত ৩১ দফায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। ফখরুল বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারের জন্য আলাদা কমিশন গঠন করাই হবে তাদের অগ্রাধিকার।