১৮ বছর পর ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

0
১৮ বছর পর ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানান তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।

তারেক রহমান ২০০৭ সালে তৎকালীন ওয়ান ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। এর পর থেকে যুক্তরাজ্যের লন্ডনেই রয়েছেন তিনি।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয়। এ ছাড়া কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান তিনি। এরপর থেকে নানা সময়ে তার দেশে ফেরার কথা আলোচনা আসে। বিএনপির একাধিক নেতাও তার দেশে আসার বিভিন্ন সম্ভাব্য তারিখ জানিয়েছিলেন।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা ফের শুরু হয়। তখন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান লিখেছিলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।’

ওই পোস্টে তিনি আরও লিখেছিলেন, ‘স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’