মাদারগঞ্জে কৃষকলীগের ২ নেতার যোগদান নিয়ে বিএনপিতে অসন্তোষ

0
মাদারগঞ্জে কৃষকলীগের ২ নেতার যোগদান নিয়ে বিএনপিতে অসন্তোষ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের ২ নেতা বিএনপিতে যোগদান নিয়ে বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার(১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষুদ্ধ নেতারা যোগদানের প্রতিবাদে বালিজুড়ী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

এদিকে বুধবার রাত সাড়ে ১১:৪৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপজেলা জুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয়ভাবে কঠোর অবস্থান নিলেও জামালপুরের মাদারগঞ্জে সুযোগ সন্ধানী কিছু আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করার অভিযোগ উঠেছে।পরিবর্তিত পরিস্থিতিতে রঙ বদলে বিএনপিতে ভেড়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতারা। এই তালিকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কমপক্ষে শতাধিক নেতাকর্মী রয়েছেন। তবে বিপুল পরিমাণ অর্থ নিয়ে একটি অংশ তাদের এলাকায় আশ্রয় দিয়েছে।

জানা গেছে, আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন দীর্ঘসময় ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল। ৯০ দশক থেকে তারা বিএনপি করে৷ দলের বিভিন্ন পদেও তারা দায়িত্ব তারা পালন করেছেন। কিন্তু ২০১৮ সালে দলের দু:সময়ে তারা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করে সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করে। মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন ওরফে ভিক্কু ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতির পদ বাগিয়ে নেন। এদিকে মোশারফ হোসেন বাগিয়ে নেন পৌর কৃষকলীগের সদস্য পদ। এরপর থেকে তারা বিএনপির নেতাকর্মীদের ওপর চালায় নির্যাতন। রাতের আধারে নেতাকর্মীদের বাড়ীতে পুলিশ পাঠিয়ে করাতো গ্রেফতার। সু:সময়ে সুবিধা আদায় করার জন্য বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি অ্যাড. মঞ্জুর কাদের খান বাবুল ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুর কাছে তারা যোগদান করেন ৷এরপর থেকেই দলের নেতাকর্মীরা প্রতিবাদ শুরু করেছে।

বিএনপিতে যোগ দেয়া কৃষকলীগের ভিক্কু ও মোশারফ হোসেনকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

অন্য মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মঞ্জুর কাদের খান বাবুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

১ নং চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার জানান,সারাদেশে যোগদান বন্ধ। অপারেশন ডেভিল হান্ট চলতাছে সেখান থেকে বাচার জন্য মোটা অংকের টাকার বিনিময়ে তাদের বিএনপিতে যোগদান করানো হয়েছে ।

এদিকে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান জানান, ১৭ বছর যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম আজকে তারাই বিভিন্ন কৌশলে প্রবেশ করে আগেও যেভাবে নির্যাতন করেছে এখনো সেইভাবে নির্যাতন করতেছে। এই দোসরদের দলে দেখার জন্য আমরা আন্দোলন করি নাই।

এদিকে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো: ওয়ারেস আলী মামুন জানান, অসন্তোষ হওয়াটা স্বাভাবিক। কারণ দলের নিষেধ আছে। যাদের বিরুদ্ধে এতো বছর নেতাকর্মীরা সংগ্রাম করেছে তাদের আবার পুর্বাসন করলে নেতাকর্মীরা মেনে নিবে না। আমি কিছুক্ষণ আগেই ফেসবুকে দেখেছি।