হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

0
হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

বাংলাদেশ প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত; রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে রাত নয়টার দিকে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, ‘ইনকিলাব মঞ্চ রাতভর শাহবাগে অবস্থান করবে। আপনিও চলে আসুন।’

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সন্ধ্যায় অবরোধ কর্মসূচিতে বলেন, ‘খুনিদের গ্রেপ্তার করতে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। সরকার ওসমান হাদির নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই। এখন খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না। পদত্যাগ কোনো সমাধান নয়, খুনিদের গ্রেপ্তারই একমাত্র সমাধান। আমরা রাতভর অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয়, অবরোধ কর্মসূচি চলবে।’

কর্মসূচিতে অংশ নেওয়া হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, ‘সরকারের অবস্থা দেখে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। ওসমান হাদির বিচারের দাবি এখন বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি। আমরা রাজপথে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা কিন্তু আরও কঠিন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার আগেই বলে দিতে চাই, আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।’

অবস্থানে দেওয়া বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, এই আন্দোলন কোনো অর্থ বা সুযোগ-সুবিধার জন্য নয়। এটি শহিদ ওসমান হাদির রক্তের ইনসাফ কায়েমের লড়াই। যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন তারা রাজপথ ছাড়বেন না।

তিনি বলেন, অনেক মানুষ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অর্থ দিতে চাইছেন, তবে তাদের অর্থের প্রয়োজন নেই। প্রয়োজন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শহিদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, এখন সেই আদর্শ রক্ষার দায়িত্ব সাধারণ মানুষের।

আসাদুজ্জামান আসাদ আরও ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকবেন। উপস্থিত জনতাকে শপথ করিয়ে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না। এক ফোঁটা পানিও পান করা হবে না।