বাংলাদেশ প্রতিবেদকঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জিয়া উদ্যান থেকে বেরিয়ে ৫টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পথে পথে ছিল জনতার ঢল। জনতাকে সামলাতে হিমশিম খান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাত ১০টার কিছু পর জাতীয় স্মৃতিসৌধে তিনি প্রবেশ করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের ভেতরে প্রবেশ করে এবং রাত ১০টা ৩২ মিনিটে ঢাকার উদ্দেশে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে।
এর আগে সূর্যাস্তের সময় হয়ে যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা। কারণ জাতীয় স্মৃতিসৌধে পুস্তস্তবক অর্পণ করা যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে এটি পরিদর্শন করা যায় যেকোনো সময়।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষে দলের স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান , ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জেনারেল (অব) ফজলে এলাহী আকবর এবং আরও অনেকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন এবং দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করায় দলীয় নেতাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

