ঝিনাইদহে খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাশেদ খাঁনের

0
ঝিনাইদহে খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাশেদ খাঁনের

ঝিনাইদহ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁন।

রোববার বিকেলে কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাশেদ খাঁন আরও বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনের শুরুতে ঝিনাইদহ জেলা থেকেই তিনি প্রথম আটক হন এবং তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে।

সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিকে নয়, দল ও আদর্শকে ভালোবেসে কাজ করতে হবে। দলীয় নেতৃত্বের ওপর আস্থা রেখে সবাই মিলে ঝিনাইদহ-৪ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে সুদূরপ্রসারী মহাপরিকল্পনা গ্রহণ করেছেন।

সেই পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখাই এখন আমাদের প্রধান দায়িত্ব। তারেক রহমানের নির্দেশনা মেনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।