বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে মঙ্গলবার এক আবেগঘন পরিবেশে কড়াইলবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে তিনি কড়াইলবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি একসঙ্গে থাকি, তবে এই এলাকার আইনশৃঙ্খলা, রাস্তাঘাট ও শিক্ষার যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ সমাধান করতে পারব।”
বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও অন্যায়ের অবসান ঘটানো হবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের যদি কেউ কষ্ট দিয়ে থাকে বা অত্যাচার-নির্যাতন করে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” বিশেষ করে বস্তি এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল নিয়ে জোরজবরদস্তির যে সংস্কৃতি রয়েছে, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জোর করে বিল নেওয়ার দিন শেষ। এখন থেকে কেউ আর আপনাদের ওপর অন্যায় করতে পারবে না।”
নিজেকে এলাকার সন্তান হিসেবে দাবি করে তারেক রহমান বলেন, “আমি আপনাদেরই লোক, আপনাদেরই সন্তান। আমার সুবিধা-অসুবিধা আর কষ্টের কথা আপনাদের কাছেই বলব। আপনারাও আপনাদের কথা আমাকে বলবেন।” আসন্ন নির্বাচনের ব্যস্ততার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “দলের দায়িত্বের কারণে আমাকে সারা দেশে ঘুরতে হবে, হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারব না। তাই এলাকার মা-বোন ও ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ—যারা আজ এখানে আসতে পারেননি, আমার এই বার্তাগুলো আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন।” দোয়া মাহফিলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

