বাংলাদেশ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির চিরস্থায়ী অবসান ঘটবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনি এলাকার বিভিন্ন পয়েন্টে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, একটি বিশেষ পক্ষ তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও মাঠছাড়া করার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সামনে এসব ষড়যন্ত্র সফল হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আসন্ন ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের রাজনীতির শেষ দিন। ব্যালট বিপ্লবের মাধ্যমেই জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, “আপনারা নির্বিঘ্নে ভোট দিতে আসবেন। এবারের নির্বাচন কেবল প্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণের লড়াই। তাই যাকে খুশি তাকে ভোট দিন, তবে অবশ্যই প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে দেবেন।”
ভোটারদের সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কোনো ধরনের সাময়িক প্রলোভন, ব্যক্তিগত সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হওয়া যাবে না। দেশের ও এলাকার প্রকৃত পরিবর্তন ঘটাতে সক্ষম—এমন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে হবে।
সবশেষে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

