‘ডাকসু ছিল মাদকের আড্ডা ও বেশ্যাখানা’: জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড়

0
‘ডাকসু ছিল মাদকের আড্ডা ও বেশ্যাখানা’: জামায়াত নেতার বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড়

বরগুনা প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে চরম বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। ডাকসুকে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ হিসেবে অভিহিত করে তাঁর দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

জনসভায় যা বললেন শামীম আহসান:

শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শামীম আহসান। বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সুলতান আহমেদের সমর্থনে আয়োজিত ওই সভায় তিনি দাবি করেন:

“আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।”

নির্বাচনী মাঠের কর্মীদের উজ্জীবিত করতে তিনি ধর্মীয় আবেগ ও ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, “আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। পরকালের নাজাতের জন্য। তাই আপনাদের সেই ইমানের বলে বলীয়ান হয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকম হাঙ্গামা করতে না পারে, এ জন্য আপনাদেরকে সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পরবর্তীতে বক্তব্যের ব্যাখ্যা:

জনসভায় দেওয়া তাঁর এই কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলে শামীম আহসান কিছুটা সুর নরম করার চেষ্টা করেন। তিনি বলেন, “আমি সরাসরি ওভাবে বুঝাতে চাইনি। আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যা ছিল, ইসলামী ছাত্রশিবির তার সমাধান করেছে।”

ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতির ‘মিনি পার্লামেন্ট’ হিসেবে পরিচিত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ—দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ডাকসু নেতৃত্ব দিয়েছে। জামায়াত নেতার এমন মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, নির্বাচনী বৈতরণী পার হতে গিয়ে ঐতিহাসিক এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালানো হয়েছে।