ওয়াদা পূরণে ১-২-৩ ফর্মুলা: চৌদ্দগ্রামে ভোট বিপ্লবের ডাক দিলেন তারেক রহমান

0
ওয়াদা পূরণে ১-২-৩ ফর্মুলা: চৌদ্দগ্রামে ভোট বিপ্লবের ডাক দিলেন তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি কথার রাজনীতিতে নয়, বরং কাজে বিশ্বাসী। তিনি বলেন, “বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। আমরা সরকার গঠন করলে ‘ওয়ান, টু, থ্রি’ করে পর্যায়ক্রমে জনগণকে দেওয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়ন শুরু করব। কে কী সমালোচনা করল, তাতে আমাদের কিছু যায়-আসে না।”

রোববার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, “অন্যের গিবত গেয়ে মানুষের পেট ভরবে না। মানুষ জানতে চায় আমরা ক্ষমতায় গেলে তাদের জন্য কী করব। আমরা প্রতিপক্ষের সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না; আমাদের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।”

তারেক রহমান দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বিশেষ কৌশলগত নির্দেশনা দিয়ে বলেন:

“নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করবেন। এরপর লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দেবেন। শুধু ভোট দিলেই হবে না, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো ষড়যন্ত্র করার সুযোগ না পায়।”

সমাবেশে চৌদ্দগ্রাম আসনের প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল রশিদ ইয়াছিন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার শপথ নেন এবং নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভোটারদের সজাগ থাকার আহ্বান জানান।