পাবনা-১: শামসুর রহমানকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন অধ্যাপক আবু সাইয়িদ

0
পাবনা-১: শামসুর রহমানকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন অধ্যাপক আবু সাইয়িদ

পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসনে নাটকীয় মোড় নিয়েছে রাজনৈতিক সমীকরণ। ধানের শীষের প্রার্থী শামসুর রহমানকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। এর মাত্র কয়েক দিন আগে, গত ২১ জানুয়ারি ঢাকায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

ব্যক্তিগত ইমেজের চেয়ে দলীয় ও জাতীয় ঐক্যকে বড় করে দেখছেন অধ্যাপক আবু সাইয়িদ। নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন: “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে আমার একটি নৈতিক দায়িত্ব রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সময়ের দাবি। বৃহত্তর ঐক্যের স্বার্থেই আমি শামসুর রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”

অধ্যাপক আবু সাইয়িদের প্রার্থিতা প্রত্যাহার এবং বিএনপিতে যোগদানের ফলে পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানের অবস্থান আগের চেয়ে অনেক বেশি সুসংহত ও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। আবু সাইয়িদের কর্মী-সমর্থকরাও এখন থেকে ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে নামবেন।

অধ্যাপক আবু সাইয়িদ সরে দাঁড়ালেও এই আসনে লড়াই এখনো জমে আছে। নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন: শামসুর রহমান (বিএনপি), ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন (জামায়াত ইসলামী), আব্দুল গনি (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

আবু সাইয়িদের এই সমর্থন বিএনপির ভোটব্যাংকে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।