রাজশাহীতে জনসমুদ্র: ষড়যন্ত্র রুখে ১২ তারিখ ভোট বিপ্লবের ডাক তারেক রহমানের

0
রাজশাহীতে জনসমুদ্র: ষড়যন্ত্র রুখে ১২ তারিখ ভোট বিপ্লবের ডাক তারেক রহমানের

মাসুদ রানা রাব্বানীঃ দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজশাহীর মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এক বিশাল জনসমুদ্রে ভাষণ দেন। বক্তব্যে তিনি একদিকে যেমন নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন, অন্যদিকে ক্ষমতায় গেলে উত্তরবঙ্গের ভাগ্যবদল ও কৃষি-অর্থনীতি নিয়ে একগুচ্ছ নতুন প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচন ঘিরে নতুন কোনো ছক কষা হচ্ছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক করে তারেক রহমান বলেন, “বিগত ১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। নিশিরাত ও ডামি নির্বাচনের কারিগররা বিদায় নিলেও আরেকটি মহল এখন ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে ১২ তারিখের নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। আপনাদের সতর্ক থাকতে হবে যেন কেউ এই ভোট বানচাল করতে না পারে।”

তিনি আরও যোগ করেন, “আমরা দেশে শান্তি চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলেমিশে এই দেশে বসবাস করব।”

উত্তরবঙ্গ নিয়ে মহাপরিকল্পনা

রাজশাহীসহ উত্তরাঞ্চলের স্থবির হয়ে পড়া উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিএনপি চেয়ারম্যান বেশ কিছু উন্নয়ন প্রকল্পের অঙ্গীকার করেন:

পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প: শহীদ জিয়ার শুরু করা এবং বেগম খালেদা জিয়ার প্রসারিত করা বরেন্দ্র প্রকল্পকে পুনরায় বেগবান করার ঘোষণা দেন তিনি। পাশাপশি উত্তরাঞ্চলের পানির সংকট মেটাতে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের কাজ শুরুর প্রতিশ্রুতি দেন।

কৃষি ও ফ্যামিলি কার্ড: কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ এবং মায়েদের স্বাবলম্বী করতে দলমত নির্বিশেষে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

ঋণ মওকুফ: ক্ষমতায় গেলে ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার বড় ঘোষণা দেন তারেক রহমান।

বিশেষায়িত হাসপাতাল: রাজশাহীকে শিক্ষা নগরীর পাশাপাশি উন্নত চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস দেন।

 

সকাল থেকেই রাজশাহী ও আশপাশের জেলা থেকে ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকা হাতে মিছিলের স্রোত নামে মাদ্রাসা ময়দানে। বেলা গড়াতেই মাঠ ছাড়িয়ে জনস্রোত আছড়ে পড়ে পাশের সড়কগুলোতে। তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহ মখদুম (রাহ.)-এর মাজার জিয়ারত করে জনসভাস্থলে পৌঁছান। এসময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানায়।

রাজশাহীর এই জনসভার মাধ্যমেই উত্তরবঙ্গে তিন দিনের নির্বাচনী সফর শুরু করলেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর-রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটনের সঞ্চালনায় জনসভাটি সম্পন্ন হয়। কর্মসূচি অনুযায়ী, আজ রাতেই তার নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী দুই দিনে তিনি রংপুর ও টাঙ্গাইলেও নির্বাচনী প্রচারে অংশ নেবেন।