ক্ষমতায় গেলে বিনামূল্যে ইন্টারনেট ও পেপাল চালুর প্রতিশ্রুতি বিএনপির

0
ক্ষমতায় গেলে বিনামূল্যে ইন্টারনেট ও পেপাল চালুর প্রতিশ্রুতি বিএনপির

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করলে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি ‘পেপাল’ বাংলাদেশে চালু এবং আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব পরিকল্পনার কথা জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে জনগণের ক্ষমতায়নই হবে আমাদের মূল লক্ষ্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় মেধাবীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। আমরা ফ্রিল্যান্সারদের বৈশ্বিক পেমেন্ট গেটওয়ে পেপাল (PayPal) বাংলাদেশে আনতে ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছি।”

বিএনপি ক্ষমতায় গেলে আইসিটি সেক্টরে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মাহদী আমিন আরও যোগ করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে দেশের মানুষ বিএনপিকেই সরকার গঠনের ম্যান্ডেট দেবে।

একই অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান দলের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপির লক্ষ্য দেশের ৯৫ শতাংশ মানুষকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনা। আমরা সরকার গঠনের ১৮০ দিনের (৬ মাস) মধ্যে ‘ন্যাশনাল ই-ওয়ালেট’ চালু করব। ডিজিটাল বাংলাদেশের প্রকৃত সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে এই বিষয়গুলো আমাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা হবে।”

অনুষ্ঠানে আইসিটি খাতের বিভিন্ন বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেন এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের আধুনিকায়নে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।