রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প নেই ; ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকতে হবেঃ সিরাজগঞ্জের জনসমুদ্রে তারেক রহমান

0
রাষ্ট্র পরিচালনায় বিএনপির বিকল্প নেই

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি ছাড়া রাষ্ট্র পরিচালনার মতো অভিজ্ঞতাসম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্পপার্কে আয়োজিত এক বিশাল জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় কোন দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা গ্রহণ করছে। বিএনপি একমাত্র দল যাদের রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা আছে এবং যারা জানে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। মানুষ তার ওপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে এবং যে বিপদের সময় দেশের মানুষকে ফেলে পালিয়ে যায় না।”

বিগত ১৬ বছর স্বৈরাচারের সাথে ‘তলে তলে’ আঁতাতকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। তিনি বলেন, “যারা দীর্ঘ সময় স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গত ১৬ বছর রাজপথে তাদের দেখা যায়নি, তারা ছিল ‘গুপ্ত’। এই ষড়যন্ত্রকারী চক্র যেন আমাদের ভাই-বোনদের আত্মত্যাগকে বৃথা দিতে না পারে, সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে।”

তারেক রহমান দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে:

গৃহিণীদের জন্য: চাল-ডালসহ নিত্যপণ্যের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করা হবে।

কৃষকদের জন্য: কৃষি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে।

ধর্মগুরুদের সম্মাননা: ইমাম-মুয়াজ্জিনসহ সকল ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।

শিল্পায়ন: সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলকে কেন্দ্র করে উত্তরবঙ্গজুড়ে কৃষিভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলা হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, “৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি আর ২০২৪ সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।”

বিকেল গড়ানোর আগেই সিরাজগঞ্জ, পাবনা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে সমবেত হন। বিসিক শিল্পপার্ক এলাকাটি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বক্তব্যের শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে শপথবাক্য পাঠ করান— “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”