শাহজাদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের থেকে আপনারা টাকা নেন, কিন্তু ভোট দেবেন না।
ভোট দিবেন তাকেই যিনি আপনার ও আপনার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন এবং আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবেন। দেশজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পথসভা ও পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “শীতকালে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে। ঠিক একইভাবে একটা দল লন্ডন ও আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর গ্রীষ্মকাল আসলে যেভাবে অতিথি পাখিরা উড়ে যায়। ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে পরাজিত হলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পূনর্বাসন করা যাবেনা।”
গণভোটে হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান জানিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরও বলেন, আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলতে চাই, আপনাদের অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি হাসিনার মতো আর কোন ফ্যাসিস্ট শাসক না চান তবে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। তিনি বলেন, একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছে।
কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ওই দলের নেতারা অন্য দলকে মুনাফেক বলে। কিন্তু আমরা তাদের মুনাফেক বলতে চাই না। কারণ আমরা আশা করি তারা মুনাফেকি করবে না।
নির্বাচনী পথসভায় অন্যান্যদের মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগন্জ- ৬ (শাহজাদপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ (শাপলা কলি), এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

