লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের প্রচলিত নীতি-আদর্শ নয় বরং ইসলামের ইজ্জত ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যেই তার দল এককভাবে নির্বাচনী লড়াইয়ে নেমেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-১ আসনের দলীয় প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশুপার্কে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ গড়ার এক অনন্য সুযোগ তৈরি হয়েছিল। আমরা যখন ইসলামের পক্ষে জনমত গড়ে তুলছিলাম, তখন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এক শ্রেণির স্বার্থান্বেষী মহল পরিবর্তনের জোয়ার দেখে ভোল পাল্টেছে। তারা ঘোষণা দিয়েছে দেশ চলবে প্রচলিত আইনেই, ইসলামের নীতিতে নয়। এমতাবস্থায় ইসলামের মর্যাদা রক্ষায় আমরা দেশের ২৫৮টি আসনে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।
বিগত সরকারগুলোর তীব্র সমালোচনা করে তিনি বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের স্বপ্নে দেশ স্বাধীন হলেও গত ৫৪ বছরে তার প্রতিফলন ঘটেনি। উল্টো দুর্নীতিতে আমাদের প্রিয় মাতৃভূমি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।” হাজার হাজার মায়ের বুক খালি হওয়া এবং অর্থ পাচারের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, “আর কতকাল আমরা এই লুণ্ঠন ও আর্তনাদ সহ্য করব?”
কুরআনের আয়াত উদ্ধৃত করে চরমোনাই পীর উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যারা নিজেরা নিজেদের ভাগ্য বদলাতে চেষ্টা করে না।” জনসভায় মানুষের উপস্থিতি দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী নির্বাচনে মানবতার কল্যাণ ও দেশপ্রেমের প্রতীক হিসেবে ‘হাতপাখা’র বিজয় সুনিশ্চিত।

