ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নির্বাচনী প্রচারণায় নেমে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের নির্বাচনী প্রচারণার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “জামায়াত ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সাধারণ মা-বোনদের ভুল বোঝাচ্ছে। তারা বলছে—দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।”
তিনি আরও যোগ করেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এটি কোনো প্রকৃত মুসলমান বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর। আল্লাহ তায়ালা কাকে বেহেশত দেবেন, তা একান্তই তাঁর সিদ্ধান্ত।”
সম্প্রতি জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে নারীদের নিয়ে দেওয়া বিতর্কিত পোস্টের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “টেলিভিশন ও মোবাইলে আপনারা দেখছেন, জামায়াত আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছেন। আল্লাহ বলেছেন—মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। সেই মা-বোনদের যদি আমরা সম্মান করতে না পারি, তাদের নিয়ে কটু কথা বলি, তবে আমরা কি কোনোদিন বেহেশতে যেতে পারব?”
জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, “আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমোনাই পীর সাহেব পরিষ্কার করে বলছেন যে জামায়াত কোনো ইসলামী দল না। তারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে মাত্র।”
নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যে কেউ রাজনীতি করতে পারে, সেটা তাদের অধিকার। কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না এবং অন্যের গীবত গাইবেন না। আমরা বিএনপিতে সমালোচনা নয়, কাজেকর্মে বিশ্বাসী।”

