‘সরকার গঠন করলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী’: বাড্ডার জনসভায় জামায়াত আমির

0
‘সরকার গঠন করলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী’: বাড্ডার জনসভায় জামায়াত আমির

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তবে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ সকালে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। সভার শুরুতেই তিনি নাহিদ ইসলামের হাতে তার নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ তুলে দিয়ে জোটের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এখানেই। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে আপনারা মন্ত্রী হিসেবেই দেখবেন, ইনশাআল্লাহ।”

তিনি এক অনন্য রূপক ব্যবহার করে বলেন, “১২ তারিখ বিজয়ী হলে নাহিদদের বিমানের ককপিটে রাখা হবে, আর জোটের অভিজ্ঞ নেতারা পেছনে থেকে নির্দেশনা দেবেন। আমরা কোনো মিথ্যা আশ্বাস দেব না।”

৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি মিললেও ৬ আগস্ট থেকে নতুন জালেম চড়াও হয়েছে। যারা ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দেয়, তাদের মুখে দুর্নীতিবিরোধী কথা মানায় না।” আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে ‘আধিপত্যবাদের গোলাম’ ও ‘বিএনপির ভুয়া কার্ড’ বর্জন করে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি।

জনসভায় জামায়াত আমির দাবি করেন যে, ১৯৪৭ বা ১৯৭১ সালে জাতির আকাঙ্ক্ষা পূর্ণ না হলেও চব্বিশের গণঅভ্যুত্থান নতুন স্বপ্ন দেখিয়েছে। তবে বর্তমানে ১৭ বছর পলাতক থাকা ব্যক্তিরা ফিরে এসে ‘মামলা বাণিজ্য’ ও ‘চাঁদাবাজিতে’ লিপ্ত হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উক্ত জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জোটের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।