বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর নির্বাচনী মাঠে এক অভিনব রাজনৈতিক কৌশলের নজির স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে ঢাকা-১২ আসনে তেজগাঁও শিল্পাঞ্চলের পথসভায় তিনি কেবল নিজের দল নয়, বরং মিত্রশক্তির প্রতীক ‘কোদালের’ পক্ষে ভোট চেয়ে দলীয় নেতাকর্মী ও ভোটারদের চমকে দিয়েছেন।
তিনি স্পষ্ট করে বলেন, “এই আসনে কোদাল জেতা মানেই ধানের শীষ জেতা, কোদাল জেতা মানেই বিএনপি সরকার গঠন করতে সক্ষম হওয়া।”
নির্বাচনী সভায় একটি বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তারেক রহমান। তিনি বলেন: একটি রাজনৈতিক দল ব্যালটে নকল সিল ব্যবহারের পরিকল্পনা করছে। দুইদিন আগে ওই দলের এক সদস্য জাল সিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে নির্বাচনের ফল পরিবর্তন করতে না পারে।”
৭ ঘণ্টায় ৭ আসন: প্রচারণার ম্যারাথন
রোববার বিকাল থেকে রাত পর্যন্ত টানা সাড়ে ৭ ঘণ্টা ধরে রাজধানীর মোট সাতটি নির্বাচনী আসনে প্রচারণা চালান তারেক রহমান। তার এই সফরের উল্লেখযোগ্য দিকগুলো ছিল: ঢাকা-১৭: ইবিসি চত্বরে নিজের জন্য ভোট চেয়ে প্রচারণা শুরু করেন। ঢাকা-১৬, ১৫, ১৪ ও ১৩: পর্যায়ক্রমে আমিনুল হক, শফিকুল ইসলাম মিল্টন, সানজীদা ইসলাম তুলি এবং ববি হাজ্জাজের পক্ষে জনমত গঠন করেন। ঢাকা-১২: ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের (কোদাল মার্কা)সমর্থনে ভোট চান। ঢাকা-১১: বাড্ডার সাঁতারকুলে এম এ কাইয়ুমের পক্ষে ভোট চেয়ে দিনের কর্মসূচি শেষ করেন।
ঢাকা-১২ আসনের পথসভা শেষে তেজগাঁও এলাকায় অবস্থিত দৈনিক দিনকাল অফিস পরিদর্শন করেন তারেক রহমান। এই পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে তিনি সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দীর্ঘ লড়াইয়ের পর পত্রিকাটির পথচলা নিয়ে আলোচনা করেন।
পথসভাগুলোতে তারেক রহমান বিএনপির ভবিষৎ পরিকল্পনার রোডম্যাপ তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি ছাড়া আর কোনো দলের কাছে জনগণের ভাগ্য পরিবর্তনের বাস্তবসম্মত কোনো কর্মসূচি নেই। আমরা ক্ষমতায় গেলে বস্তিবাসীদের স্থায়ী আবাসন, জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তা প্রশস্ত করা এবং সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ঢাকা নিশ্চিত করব।”
“আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি, মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।” বলেন তারেক রহমান
সোমবারের কর্মসূচি: ১০ দফা প্রচারণা
টানা দ্বিতীয় দিনের মতো সোমবারও রাজধানীতে প্রচার চালাবেন বিএনপি প্রধান। তার আজকের সম্ভাব্য রুটিন:
সকাল ১১টা: ঢাকা-১৭ (বনানী কামাল আতাতুর্ক এভিনিউ)। দুপুর ১২টা – সন্ধ্যা ৬টা: ঢাকা-১০, ৮, ৯, ৫, ৪, ৬ এবং সর্বশেষ ঢাকা-৭ (লালবাগ বালুর মাঠ) আসনে পথসভার মাধ্যমে প্রচারণা শেষ করবেন।

