ব্যয় সামলাতে না পেরে ঢাকা-১৮ আসন থেকে সরলেন মান্না, লড়বেন বগুড়ায়

0
ব্যয় সামলাতে না পেরে ঢাকা-১৮ আসন থেকে সরলেন মান্না, লড়বেন বগুড়ায়

আজকের ডেস্কঃ নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পেরে ঢাকা-১৮ আসনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না । গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তবে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেও নিজের জন্মভূমি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে মান্না উল্লেখ করেন, একটি বিশেষ পরিস্থিতির কারণে তিনি ঢাকা-১৮ এবং বগুড়া-২—এই দুটি আসন থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ঢাকা-১৮ আসনের বিশালতা এবং বিপুল ভোটার সংখ্যাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন: “ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন এতই ব্যয়বহুল যে, তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়।”

এই আর্থিক সীমাবদ্ধতার কারণেই তিনি ঢাকা-১৮ আসনের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই সিদ্ধান্তে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।

ঢাকা-১৮ থেকে নিজেকে সরিয়ে নিলেও বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মাহমুদুর রহমান মান্নার নির্বাচন করার পথ এখন পরিষ্কার। উল্লেখ্য যে, শুরুতে এই আসনে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিনি নিজের প্রার্থিতা ফিরে পান।

বর্তমানে তিনি বগুড়াতেই অবস্থান করছেন এবং সেখান থেকেই নিজের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা-১৮ আসনটি রাজধানীর উত্তরা, তুরাগ, উত্তরখান ও দক্ষিণখানসহ গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত। বিপুল ভোটার ও ব্যয়বহুল এলাকা হওয়ায় এখানে জয়ী হতে প্রার্থীরা বড় অংকের বাজেট নিয়ে মাঠে নামেন, যা নাগরিক ঐক্য সভাপতির মতো নেতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।