আজকের ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি দেশের সাধারণ মানুষ, ধর্মীয় নেতা এবং বিশেষ করে নারী ও সুবিধাবঞ্চিতদের জন্য একগুচ্ছ যুগান্তকারী প্রতিশ্রুতি দিয়েছেন।
ভাষণের শুরুতেই তারেক রহমান ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লব পর্যন্ত সকল আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন: “শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না। ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই তাঁদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।”
দেশের নারী শক্তির অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তারেক রহমান এক বিশেষ ঘোষণা দেন। তিনি জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের ৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে।
এই কার্ডটি ইস্যু করা হবে পরিবারের নারী প্রধানের নামে। প্রথম পর্যায়ে নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারগুলোকে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।পরবর্তীতে দেশের বাস্তবতার নিরিখে এই সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে।
তারেক রহমান দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য বড় প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশের প্রায় ২ লাখ মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন এবং অন্যান্য সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা নিশ্চিত করবে বিএনপি। তিনি উল্লেখ করেন, যারা সমাজ গঠনে এবং মানুষের জন্ম-মৃত্যুর আধ্যাত্মিক সঙ্গী হিসেবে কাজ করেন, তাদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
দেশের প্রায় ৪০ লাখ প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিএনপি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান। তারেক রহমানের মতে, প্রতিবন্ধীদের প্রতি শুধু পরিবারের নয়, রাষ্ট্রেরও বিশেষ দায়িত্ব রয়েছে এবং বিএনপি সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “পরাজয় নিশ্চিত জেনে একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে সেইসব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে।” তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে দেশবাসীর কাছে ধানের শীষের পক্ষে সমর্থন প্রার্থনা করেন।

