ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা আশা করছি ভালো একটা নির্বাচন হবে। যদি ভোট সুষ্ঠু হয়, তবে আমরা পুনরায় গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারব এবং সব ক্ষেত্রে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি হবে।” নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে থাকায় তিনি ভোটারদের প্রতি আস্থার কথা জানান।
বিগত বছরগুলোর অভিজ্ঞতার কারণে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন বলে মনে করেন তিনি। তিনি বলেন: গত ১৫ বছরে অনেক কারচুপি ও ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, যা মানুষের মনে শঙ্কা তৈরি করেছে। তবে এবারের ব্যবস্থায় ‘চেক অ্যান্ড কাউন্টার ব্যালেন্স’ থাকায় কারচুপি করা খুব একটা সহজ হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব নিয়ম অনুযায়ী পালন করবেন বলে তিনি বিশ্বাস করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রচারণার ধরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন: জামায়াত অত্যন্ত কৌশলী দল এবং তারা সোশাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়ে তারা ফেসবুকে পুরোপুরি মিথ্যা ও ‘ফেক’ তথ্য ছড়াচ্ছে।
ফখরুলের মতে, মানুষ এখন অনেক সচেতন এবং তাদের এসব অপকৌশল খুব একটা কাজে দেবে না।
নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করে মহাসচিব বলেন, “আমরা কখনোই নির্বাচনের ফলাফল ডিলিট (প্রত্যাখ্যান) করিনি। ২০০৮ সালেও মাত্র ৩০টি আসন পাওয়ার পর আমরা ফলাফল স্বাগত জানিয়ে সংসদে গিয়েছিলাম। এবারও আমরা ভোটের ফলাফলকে স্বাগত জানাব।”
নির্বাচনের ২ দিন আগে আশার কথা শোনালেন বিএনপি মহাসচিব। তিনি জানালেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো এবং তিনি একটি উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা করছেন। পাশাপাশি জামায়াতের ‘ফেক অপপ্রচার’ থেকে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

