ত্রয়োদশ সংসদ নির্বাচনে হেভিওয়েটদের পতন

0
ত্রয়োদশ সংসদ নির্বাচনে হেভিওয়েটদের পতন

বাংলাদেস প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে বিএনপির অভাবনীয় সাফল্যের জোয়ারে ধড়ফড়ানি দেখা গেছে অনেক হেভিওয়েট প্রার্থীর শিবিরে। বিশেষ করে জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা, এনসিপির আলোচিত মুখ এবং বিএনপির এক হেভিওয়েট প্রার্থীর পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই হেভিওয়েট প্রার্থীদের পরাজয় নিশ্চিত হয়েছে।

জামায়াতের তিন শীর্ষ নেতার বিপর্যয়

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেয়েও মাত্র ৩ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন। তাকে পরাজিত করে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ আলি আসগার (লবি)।

কক্সবাজার-২: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এখানে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন।

সুনামগঞ্জ-২: আলোচিত আইনজীবী ও শিবিরের সাবেক নেতা শিশির মনির ৩৯ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপির নাছির উদ্দিন চৌধুরীর কাছে।

উল্টো চিত্র চাঁপাইনবাবগঞ্জে: হারলেন বিএনপির হারুন

ব্যতিক্রমী ফল এসেছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ জামায়াত প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরেছেন। জামায়াতের নুরুল ইসলাম বুলবুল ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।

সারজিস আলম ও ফয়জুল করীমের পরাজয়

পঞ্চগড়-১: এনসিপি’র অন্যতম প্রধান মুখ এবং জুলাই আন্দোলনের আলোচিত ছাত্রনেতা সারজিস আলম ৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তাকে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

বরিশাল-৫: ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হয়েছেন।