জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত দ্রুত করা হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

0
জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত দ্রুত করা হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের সময়কার সহিংসতা ও পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা জানানো হয়েছে, সেটিই কার্যকর হবে। অত্যন্ত দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে যাতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়।”

দীর্ঘদিন ধরে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলেছে। বর্তমান সময়ে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পুনর্গঠন করা। প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। একটি শক্তিশালী সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।

নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, “আমি ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে সবচেয়ে বেশি ঋণী। তাদের মূল্যবান ভোট এবং ভালোবাসার মাধ্যমেই আমি আজ এই অবস্থানে। তাদের এই আস্থার প্রতিদান দিতে আমি সবসময় দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চাই।”