আজকের ডেস্কঃ পবিত্র ঈদের দিনে এক অন্যরকম মানবিক দৃশ্যের সাক্ষী হলো দেশবাসী। প্রটোকল আর নিরাপত্তার কঠোর বেড়াজাল ছিন্ন করে রাস্তায় দায়িত্বরত এক পুলিশ সার্জেন্টকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন অমায়িক ও সাদামাটা আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশংসায় ভাসছেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঈদের দিনেও জননিরাপত্তায় রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন এক পুলিশ সার্জেন্ট। প্রধানমন্ত্রীকে ওই পথ দিয়ে যেতে দেখে তিনি স্যালুট দিয়ে এগিয়ে আসেন এবং হাত মেলাতে চান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে ওই পুলিশ সদস্যকে কাছে টেনে নেন এবং পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন।
উভয়কে হাসিমুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। রাষ্ট্রের প্রধান ব্যক্তির কাছ থেকে এমন অভাবনীয় আচরণ পেয়ে ওই পুলিশ সদস্য ও উপস্থিত উৎসুক জনতার মাঝে অন্যরকম এক উচ্ছ্বাস ও আবেগ লক্ষ্য করা গেছে।
ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।”
মুহূর্তের মধ্যেই ভিডিওটি কয়েক হাজার বার শেয়ার হয়েছে। সাধারণ নেটিজেনরা প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। কমেন্ট সেকশনে অনেকেই লিখছেন, জননেতার এমন জনঘনিষ্ঠ আচরণই সাধারণ মানুষের সাথে রাষ্ট্রের দূরত্ব ঘুচিয়ে দেয়।
ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মন্তব্য ছিল দেখার মতো, অধিকাংশ মানুষই প্রধানমন্ত্রীর ‘সাদামাটা’ জীবনযাপন ও সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসার প্রশংসা করছেন। অনেকেই এই ঘটনাকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীরা বলছেন, প্রধানমন্ত্রীর এমন আচরণ তাদের কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও এমন নিরহংকার আচরণ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

