“ব্যক্তিগত আচরণে উগ্রতা ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করুন”: শিক্ষামন্ত্রীকে জুলাইযোদ্ধা নাফসিনের কড়া হুঁশিয়ারি

0
“ব্যক্তিগত আচরণে উগ্রতা ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করুন”: শিক্ষামন্ত্রীকে জুলাইযোদ্ধা নাফসিনের কড়া হুঁশিয়ারি

বাংলাদেশ প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ভাষা ও দৃষ্টিভঙ্গি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মন্ত্রীর সাম্প্রতিক কিছু মন্তব্যকে ‘উগ্রবাদী’ ও ‘শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর’ হিসেবে অভিহিত করে তিনি তার আচরণ সংশোধনের পরামর্শ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে নাফসিন মেহনাজ সরাসরি শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “এহসানুল হক মিলনকে দেখলে আমার উগ্র মনে হয়। তার অঙ্গভঙ্গি ও কথা বলার ধরন এমন যেন তিনি একাই এই সমাজে ‘সুপেরিয়র’ বা শ্রেষ্ঠ, আর বাকি সবাই ‘চিটার-বাটপার’। নিজেকে একমাত্র পবিত্র আত্মা (Pure Soul) ভাবা এবং অন্যদের নিচু করে দেখা আসলে উগ্রবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।”

তিনি আরও যোগ করেন যে, একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির ভাষা ও আচরণ অনেক বেশি মার্জিত এবং উন্নত হওয়া উচিত।

শিক্ষামন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে বলেছিলেন যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতিরিক্ত স্বাধীনতা দিলে তারা ‘জঙ্গি’ হিসেবে গড়ে উঠতে পারে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে নাফসিন বলেন “মন্ত্রীর এই ধরনের মন্তব্য শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে নয়, বরং তার নিজের শিক্ষার সীমাবদ্ধতা নিয়েই প্রশ্ন তোলে। কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত ঘটনার দায়ভার পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর চাপানো যায় না। এটা চরম হীনম্মন্যতা।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নাফসিন স্মরণ করিয়ে দেন যে, কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করেও নর্থ সাউথসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন “টেরোরিস্টের কোনো বাবা-মা, সমাজ বা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান নেই। এটা ব্যক্তিগত বিচ্যুতি।” রাজনৈতিক সংগঠনের বাইরে থেকেও সাধারণ শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছে, তা সফল হয়েছে এবং দেশবাসী তা দেখেছে।

নাফসিন মেহনাজ তার বক্তব্যে স্পষ্ট করে দেন যে, শিক্ষা ব্যবস্থার অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এবং ঢালাওভাবে সমালোচনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শিক্ষামন্ত্রীকে জনসম্মুখে কথা বলার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।