নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দেশে যেকোনো মূল্যে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক একদলীয় ব্যবস্থা চাপানোর চেষ্টা করা হলে দেশের মানুষ ‘হিমালয়ের মতো দৃঢ়’ প্রতিরোধ গড়ে তুলবে।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান এবং শহীদদের অভূতপূর্ব আত্মত্যাগের পটভূমিতেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
“আজকে যারা শহীদ পরিবার, আহত ও পঙ্গুদের অবদানকে অবমূল্যায়ন করছেন কিংবা উপহাসের পাত্র বানাচ্ছেন, তারা মূলত গোটা জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করছেন। তাদের এই মহান ত্যাগকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।”
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক নির্বাচন ও গণভোটে জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটেনি। তাই জনগণের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা জানিয়ে অনতিবিলম্বে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
বক্তব্যে সরকারের বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় পুনরায় দলীয়করণের ভূত চেপে বসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে শুরু করে ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে দলীয় লোকদের বসিয়ে একদলীয় শাসনের আবহ তৈরি করা হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, ইতিহাস সাক্ষ্য দেয় কোনো স্বৈরাচারী বা একদলীয় শাসন কখনো দীর্ঘস্থায়ী হয়নি, ভবিষ্যতেও হবে না।
সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করার যে নোংরা রাজনৈতিক সংস্কৃতি অতীতে আওয়ামী লীগ শুরু করেছিল, বর্তমানেও সেই একই ধারা অব্যাহত রাখা হয়েছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “তরুণ প্রজন্ম এখন বিভাজন বা প্রতিহিংসার রাজনীতি চায় না; তারা দেখতে চায় একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক নেতৃত্ব।”
ঘোষিত বাজেট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বড় বাজেট দেওয়া কঠিন নয়, তবে দুর্নীতিমুক্ত উপায়ে এর সঠিক বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীত সরকারের মতো রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার জনগণের আস্থা হারাবে বলে সতর্ক করেন তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ একসময় দেশের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি ও গর্বের শিল্পনগরী ছিল। কিন্তু রাজনৈতিক অবহেলা ও অব্যবস্থাপনায় সেই গৌরব আজ ম্লান। তিনি নারায়ণগঞ্জে পুনরায় শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে এনে এর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের দাবি জানান।
সম্মেলনের শেষাংশে রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, “মিথ্যাচার দিয়ে সচেতন জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। মানুষ এখন কথার চেয়ে কাজের মূল্যায়ন করতে শিখেছে এবং দেশে একটি সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির বাস্তবায়ন দেখতে চায়।”

