বাংলাদেশ প্রতিবেদকঃ বিতর্ক আর পিছু ছাড়ছে না সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের। একের পর এক হোটেল কাণ্ড ও আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে নতুন করে চরম তোলপাড় শুরু হয়েছে। প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তার আরও দুটি নতুন সিসিটিভি ফুটেজ ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ভিডিওগুলো বিশ্লেষণ করে জানা গেছে, রাজধানীর একাধিক হোটেলের সঙ্গে এমপি নজরুলের নিয়মিত যাতায়াতের সংযোগ রয়েছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানী উত্তরার একটি অভিজাত হোটেলের রিসেপশনে এমপি গাজী নজরুল ইসলাম এক নারীকে নিয়ে প্রবেশ করছেন। রিসেপশনে দায়িত্বরত কর্মকর্তার সাথে করমর্দন শেষে তারা ভেতরে যান। ভিডিওর পরবর্তী অংশে হোটেলের লবিতেই ওই নারীর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ ও আপত্তিকর অবস্থায় দেখা যায়। উত্তরার হোটেল ছাড়াও আরও একটি নতুন ভিডিওচিত্র সামনে এসেছে, তবে সেটির সঠিক ভৌগোলিক অবস্থান বা লোকেশন এখনও শনাক্ত করা যায়নি।
এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতে প্রথম ভিডিওটি ভাইরাল হওয়ার পর লিখিত বিবৃতিতে এমপি দাবি করেছিলেন, ভিডিওতে দৃশ্যমান নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম)। তিনি উল্লেখ করেন, গত ১৩ জুলাই প্রথম স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম এবং গাড়িচালককে নিয়ে তিনি মগবাজারে শ্বশুরের কার্যালয়ে গিয়েছিলেন।
তবে আজ ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওগুলোতে নজরুলের সঙ্গী নারীটি আসলেই তার দাবি করা ‘দ্বিতীয় স্ত্রী’ নাকি অন্য কেউ, সে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এমপি বা সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সচেতন সূত্রের দাবি, প্রথম ভিডিও ফাঁসের পর থেকে এমপি নজরুলকে রাজনৈতিক ও সামাজিকভাবে যারা চিনে ফেলেছেন, এখন তারাই তার বিভিন্ন জায়গার পূর্বের কর্মকাণ্ডের ভিডিওগুলো নতুন নতুন মাধ্যম থেকে প্রকাশ করছেন।
সংসদ সদস্যের মতো দায়িত্বশীল পদে থেকে এমন ঘনঘন স্ক্যান্ডাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও ফাঁস নিয়ে সংসদীয় এলাকা সাতক্ষীরাসহ পুরো দেশেই চলছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়।

