“হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হলে আপনাদেরও তাড়াবে জনগণ”: শফিকুর রহমান

0
"হাসিনাকে তাড়িয়েছি, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হলে আপনাদেরও তাড়াবে জনগণ": শফিকুর রহমান

সিলেট প্রতিনিধিঃ “দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন উপড়ে না ফেলা পর্যন্ত রাজপথের সংগ্রাম থামবে না।” —আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ভালোয় ভালোয় ‘জুলাই সনদ’ মেনে না নিলে রাজপথেই ফয়সালা করবে এ দেশের মুক্তিকামী জনগণ। আগামীতে ঢাকা থেকে বড় কর্মসূচির ডাক আসছে জানিয়ে সিলেটবাসীকে ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত অগণিত জনতার উদ্দেশে জামায়াতের আমীর অভিযোগ করেন, বর্তমান সরকার আন্দোলনের মূল চেতনা ভুলে ফ্যাসিবাদের পুরোনো পদচিহ্নই অনুসরণ করছে। বেপরোয়া দলীয়করণ ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, “একসময় যারা নির্যাতনের শিকার ছিলেন, আজ তারাই আওয়ামী লীগের দুঃশাসনের পথ ধরছেন। হাসিনাকে আমরা তাড়িয়েছি। আপনারা যদি নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান, জনগণ আপনাদেরও ছেড়ে কথা বলবে না। এই দেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।”

সংবিধান সংস্কার ও রাজনৈতিক পরিবর্তনের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের যে গণরায় এসেছে, তা অবিলম্বে বাস্তবায়নের ওপর জোর দেন ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানান, ১৮ কোটি মানুষ, শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের সাথে তারা কোনো বিশ্বাসঘাতকতা হতে দেবেন না এবং জীবন দিয়ে হলেও ‘জুলাই সনদে’ বর্ণিত প্রতিশ্রুতি রক্ষা করবেন।

জাতীয় রাজনীতির পাশাপাশি সিলেট অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বেশ কিছু জোরালো দাবি উত্থাপন করেন, ঢাকা-সিলেট সড়কের করুণ দশায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সিলেটের রাস্তায় হেঁটে সমুদ্রের ঢেউয়ের অভিজ্ঞতা নেওয়া। অবিলম্বে এই মহাসড়কের কাজ শেষ করার দাবি জানান তিনি।

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, সিলেটে একটি নতুন প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বর্তমানে নামমাত্র সচল থাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি উত্থাপন করেন তিনি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জুসহ জোটের শীর্ষ শীর্ষ নেতৃবৃন্দ।

রাজশাহী থেকে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় মহাসমাবেশের সমাপনীতে সিলেট বিভাগের চার জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে, যা মুহূর্তেই সিলেট আলিয়া মাঠকে জনসমুদ্রে পরিণত করে।