হবিগঞ্জ যাত্রায় দফায় দফায় পুলিশের বাধা: রাস্তায় বসে এনসিপি নেতাদের বিক্ষোভ

0
হবিগঞ্জ যাত্রায় দফায় দফায় পুলিশের বাধা: রাস্তায় বসে এনসিপি নেতাদের বিক্ষোভ

আজকের ডেস্কঃ মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে দফায় দফায় পুলিশের বাঁধায় স্থবির হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। শ্রীমঙ্গলে প্রথম দফায় দেওয়া পুলিশি ব্যারিকেড পেরিয়ে সামনে এগোলেও শেষ পর্যন্ত হবিগঞ্জের মিরপুর এলাকায় ফের থমকে যায় তাঁদের যাত্রা। বারবার গতিরোধের মুখে তীব্র ক্ষোভ প্রকাশ করে শেষমেশ সড়কেই অবস্থান নেন এনসিপির শীর্ষ নেতারা।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম উত্তাপ ছড়ায় শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায়। সেখানে পুলিশ সড়ক বন্ধ করে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দেয়। প্রায় এক ঘণ্টা বাকবিতণ্ডা ও উত্তেজনার পর বিকেল সাড়ে ৫টার দিকে নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে বীরদাপটে আবার হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

তবে সেই স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। হবিগঞ্জের সীমান্তবর্তী মিরপুর এলাকায় পৌঁছাতেই পুলিশ আবারও শক্তিশালী ব্যারিকেড দিয়ে পুরো বহরটি আটকে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফায় গতিরোধের পর পরিস্থিতি আরও নাটকীয় রূপ নেয়। গাড়ি থেকে নেমে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ অন্য নেতারা সরাসরি রাজপথেই বসে পড়েন।

সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলামকে বলতে শোনা যায়, “আপনারা কেন বারবার আমাদের পথ আটকে দিচ্ছেন? আমরা তো শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ যাচ্ছি, সেখানে গিয়ে আইনি পদক্ষেপ হিসেবে মামলা করব। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের প্রতিবন্ধকতা কেন তৈরি করা হচ্ছে?”

এর আগে বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সাংগঠনিক উদ্দেশ্যে হবিগঞ্জের পথে রওনা হয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

স্থানীয় সূত্র ও নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হামলার ঘটনায় হবিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করতে যাচ্ছিলেন নেতারা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ আগাম সতর্কতা হিসেবে এই ব্যারিকেড দেয় বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, এনসিপি নেতারা হাসনাত ও সারজিসকে সঙ্গে নিয়ে রাস্তায় বসেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ পরিবেষ্টিত অবস্থায় এলাকাটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে।