ঈশ্বরদী প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি শুরু হয়েছে। এক পক্ষ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে, অন্য পক্ষ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। এ নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেকোনো সময় সংঘাতে রূপ নিতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নারী-পুরুষ নেতাকর্মীদের হাতে ঝাড়ু, প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে গোপনে ও একপেশেভাবে কমিটি গঠন করা হয়েছে। তাঁরা অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত কোনো কমিটি তৃণমূল বিএনপি মেনে নেবে না। তাঁদের দাবি, দীর্ঘদিনের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে ‘পকেট কমিটি’ করা হয়েছে।
অন্যদিকে, নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
আনন্দ মিছিলটি দাশুড়িয়া গোলচত্বর ও বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঈশ্বরদীতে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে তাঁরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট পৃথক দুটি চিঠির মাধ্যমে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. শরিফুল ইসলাম তুহিনকে। পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মাহবুবুর রহমান পলাশকে এবং সদস্যসচিব করা হয়েছে ইমরুল কায়েস সুমনকে।
কমিটি ঘোষণার পর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। পাল্টাপাল্টি মিছিল ও বিক্ষোভের ঘটনায় ঈশ্বরদীর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে এই অভ্যন্তরীণ বিরোধ ভবিষ্যতে সংঘাতের রূপ নিতে পারে।

