জয়নাল আবেদীন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোন কলংঙ্কিত অধ্যায় নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় থাকবে না। এই নিশ্চয়তা দেশের জনগণ ও প্রার্থীদের আমরা দিতে চাই।
প্রধানমন্ত্রীর নির্দেশনা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তাই করা হবে। এ লক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার কাজ করছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত ৬ মাসে রংপুর জেলায় রাস্তা সংস্কার কাজে ১২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৬’শ কোটি টাকা এলজিআরডি মন্ত্রণালয় প্রকল্প তৈরী করে একনেকে অনুমোদনের জন্য পাঠিয়েছে। এছাড়া প্রত্যেক এমপিকে ৫০ কোটি টাকার প্রকল্প তৈরী করে রংপুর বিভাগে মোট ১ হাজার ৬৫০ কোটি টাকার প্রকল্প তৈরী করা হয়েছে। যা একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এলাকার জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য রংপুর বিভাগের পৌরসভার জন্য নতুন প্রকল্প পাইপ লাইনে রয়েছে। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের নির্দেশনা সারাদেশে সুষম বন্টন ও উন্নয়নের আওতায় আনতে হবে।
তিনি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বলেন, তিস্তা নিয়ে বর্তমান সরকার কাজ করছে। খুব দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে সরকার যাবে। এটি বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর।
উত্তরের কৃষি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, রংপুর বিভাগে ফসল উৎপাদনের জন্য ক্রপ জোনিং করা হবে। যে জায়গায় যে ফসল ভাল হবে সেই ফসল উৎপাদন করতে সেখানে যা প্রয়োজন সরকার সেই সহযোগিতা করবে।
জনগণের সরকারকে হেয়-প্রতিপন্ন করতে একটি দল কৃত্রিম সারের সংকট তৈরী করেছে : এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, জনগণের সরকারকে হেয়-প্রতিপন্ন করতে একটি রাজনৈতিক দলের কর্মীরা হৈ চৈ করে কৃত্রিম সারের সংকট তৈরী করেছে। দেশে কোন সারের সংকট নেই। যেসব জেলায় বেহেস্তের টিকেট বিক্রি করে তারা নির্বাচিত হয়েছে, সেসব জেলায় সারের কৃত্রিম সংকট শোনা যাচ্ছে।
মঙ্গলবার সকালে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে চব্বিশের অভ্যূত্থানের শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল জেলায় সারের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। এসব জেলা থেকে কোন দলের নেতারা নির্বাচিত হয়েছে তা সবাই জানে। সারের সংকট বগুড়াতে নেই, রাজশাহীতে নেই, পাবনা-নাটোরে নেই। সিলেট বিভাগেও নেই।
তেল-গ্যাসের সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশে^র সাথে তাল মিলিয়ে দেশে তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কারণ তেল ভারতে পাচার হয়ে যাচ্ছিলো। মূল্য বৃদ্ধির পরও ভারতের সাথে দামে সমান হয়নি। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, বিশে^ তেলের মূল্য কমে গেলে দেশেও দাম কমানো হবে। আমরা বিদ্যুৎ সমস্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সরকারের বয়স মাত্র ছয় মাস হয়েছে। এরই মধ্যে ১১ দলীয় জোট একটি ফুটবল টিম অথবা ক্রিকেট টিম নিয়ে রংপুরে লং মার্চ করে গেছে। যদি দেশে তেলের সরবরাহ না থাকে তবে আপনাদের বহরে যদি ২ হাজার গাড়ি থাকে, তবে সেই তেল কোথায় পেলেন। লং মার্চ করে যদি তেল, গ্যাসের সমস্যা সমাধান হতো, তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবচেয়ে বড় লং মার্চ করতেন। সমস্যা সমাধানের জন্য সুচিন্তিত মতামত থাকলে তা জাতীয় সংসদে উপস্থাপন করুন। তাদের সংসদের কথা বলার সাথে রাজপথে কথার কোন মিল নেই। তারা সংসদে বলে বিএনপি তেল-গ্যাস, বিদ্যুতের সমস্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এরপর পল্টন ময়দানে এসে বলে তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে। তারা এক দফা দাবী ঘোষণা করে।
সরকারের উদ্যোগ নিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আজকের একটি রাজনৈতিক দল বলেছিল ‘রাখ তোর ফ্যামিলি কাডর্’। আজ সংসদে তারাই বলে প্রধানমন্ত্রী আমার উপজেলায় কবে ফ্যামিলি কার্ড দেবেন। দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড চলে যাবে। এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডিসি-এসপি সবার পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। দেশে কৃষি কার্ডের জন্য কোন তদবির করার প্রয়োজন হবে না। এখন তালিকাভূক্তি চলছে। দেশের ২ কোটি ১০ লাখ কৃষককে আগামী চার বছরের মধ্যে কৃষি কার্ড দেয়া হবে। এটির চারটি পর্যায় রয়েছে প্রথমে ভূমিহীন, এরপর প্রান্তিক, মধ্যম ও উচ্চ পর্যায়ের কৃষকদের কার্ড দেয়া হবে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল সারাদিন শুধু ধর্মের কথা বলে। তারা ভোটের সময় বেহেস্তের লোভ দেখিয়েছিল। কিন্তু তারা ইমাম-মুয়াজ্জিনের কথা ভাবে নাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ লাখ ৫০ হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের আগামী ৪ বছরের মধ্যে ভাতার আওতায় আনবেন। কিছু জেলায় পাইলটিং শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য লিটন পারভেজসহ অন্যরা।
আবু সাঈদ ফাউন্ডেশন ও পরিবারকে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা : বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন ও আবু সাঈদের পরিবারকে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। মঙ্গলবার সকালে পীরগঞ্জ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই আবু হোসেনের সাথে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এলজিআরডি মন্ত্রণালয় থেকে বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, পরিবারের জন্য বাড়ি নির্মাণ ও শহীদ আবু সাঈদের কবরস্থানের সৌন্দর্য বর্ধণের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এ ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যরা।
শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, প্রতিমন্ত্রী মহোদয় আমাদের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মৌখিকভাবে আবু সাঈদ ফাউন্ডেশন, ঘর নির্মাণ ও কবর সৌন্দর্য বর্ধণের জন্য এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। আমরা এতে অনেক খুশি। শহীদ আবু সাঈদের অবদান যেন জাতি যুগ যুগান্তর মনে রাখে সেই প্রত্যাশা করছি।
এরপর দুপুরে এলজিআরডি প্রতিমন্ত্রী পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন। এ সময় তিনি আত্মনির্ভরশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলতে নারী শিক্ষার উন্নয়নের সরকার বিশেষ উদ্যোগসহ নারী শিক্ষার প্রসারে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান।
সন্ধ্যায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রংপুর জেলা পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জেলার এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেন।

